গাজায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
রয়টার্স জানিয়েছে, নতুন এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল (ট্যাংক) এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ ও গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে হেলিকপ্টারের দাম ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার, ট্যাংকের ১৯০ কোটি ডলার এবং বাকি ৭০ কোটি ডলার যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন এই সমরাস্ত্র চালান সে অভিযানে ব্যবহার করা হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৬ হাজার।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ৬ বার উত্থাপিত হলেও প্রতিবারই ভেটো দিয়ে তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব।
ডেস্ক নিউজ 





















