বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে এসব গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথিত মনোনয়নের তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানোর চেষ্টা চলছে।
তিনি জানান, বিএনপি এখনো কোনো আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়নি। দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্তভাবে প্রার্থী নির্ধারণ করবে। তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবরের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, বিএনপি জনগণের ভালোবাসা ও সমর্থনকে মূল শক্তি হিসেবে দেখে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
ডেস্ক নিউজ 























