জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। কিন্তু এখন কোনো সংসদ নেই—এক বছরের বেশি সময় আগে সংসদ ভেঙে গেছে এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এ কারণে আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটগ্রহণ সম্ভব নয়।
এর আগে সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী শিশির মনির। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল ৯টা ৪০ মিনিটে এ শুনানি শুরু হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ২১ অক্টোবর থেকে আপিল বিভাগের শুনানি শুরু হয়। বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এ বিষয়ে আপিল করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলোপ পায়।
ডেস্ক নিউজ 




















