মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। হামলার কারণ হিসেবে মাদক চোরাচালানের অভিযোগ উল্লেখ করা হয়েছে। কয়েকদিন আগেই একই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার পর নতুন এ হামলা হলো।
হোয়াইট হাউসের বরাতে আলজাজিরা জানায়, বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে এক পোস্টে বলেন, “আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।”
সম্প্রতি পুনর্গঠিত প্রতিরক্ষা দপ্তরের নতুন নাম যুদ্ধ দপ্তর। এ দপ্তরের মন্ত্রী হেগসেথ জানান, নিহত চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন। তিনি বলেন, জাহাজটি একটি পরিচিত সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালানো হয়।
হেগসেথ আরও জানান, জাহাজটি গোয়েন্দা তথ্য অনুযায়ী অবৈধ মাদক চোরাচালানে জড়িত ছিল এবং একটি পরিচিত পাচারপথ ধরে চলছিল। তবে হামলার সঠিক স্থান বা নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এই হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন—২০১৯ সালের পর তাদের এটাই প্রথম শীর্ষ সম্মেলন। এর আগে ট্রাম্প মালয়েশিয়া ও জাপান সফর করেন।
ডেস্ক নিউজ 





















