নারীদের প্রতি সম্মানকে রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কাছে নারীদের মর্যাদা নেই, তাদের হাতে দেশও নিরাপদ থাকতে পারে না। সোমবার খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি নারীর অধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
খুলনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—যেসব রাজনৈতিক শক্তি নারীদের সম্মান দিতে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনায়ও ব্যর্থ হয়। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, সুযোগ পেলে তারা নারীদের কীভাবে অপমান করতে পারে, তার নজির একাত্তরে দেখা গেছে।
তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক কাঠামোতে নারীদের উপস্থিতির কথা বলা হলেও বাস্তবে নারীদের পরিচয় ও মর্যাদা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে নারীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শুরু হয়েছে, যা নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। যারা নারীদের হেয় করে ও মিথ্যা প্রচার চালায়, তারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে বিএনপি আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার। আগামী ১২ তারিখে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধারা একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য দেশ স্বাধীন করেছিলেন, আর চব্বিশ সালে ছাত্র-জনতা সেই দেশ রক্ষায় ভূমিকা রেখেছে। সরকার গঠন করতে পারলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা।তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। সব ধর্ম, শ্রেণি ও পেশার মানুষকে সঙ্গে নিয়েই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। খুলনার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তাদের কারও ওপর নির্ভরশীল হতে না হয়। শিল্পনগরী খুলনাকে পুনরুজ্জীবিত করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য আইটি পার্ক এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর কথাও জানান তিনি।
বিএনপির অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল।
তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নে বিএনপিই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম।
স্টাফ রিপোর্টার 
















