পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। বাজারে দুই শত টাকার নিচে কোনো মাছ নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে এবং গরুর মাংস ৮০০ টাকা কেজিতে।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা সপ্তাহ আগে ছিল ৩২০ টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে ৮০০ টাকা কেজি রয়েছে।
মাছের বাজারে প্রতি কেজি পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা এবং টাকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, আগে পাঙ্গাস ও তেলাপিয়া তুলনামূলক কম দামে পাওয়া গেলেও এখন সেগুলোর দামও বেড়েছে। রুই, কাতলা বা টেংরার মতো মাছ কিনতে ৩৫০ থেকে ৬০০ টাকার বাজেট লাগছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য।
বিক্রেতারা জানান, বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ বেড়েছে এবং আগের সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেলেও উচ্চ দামের কারণে অনেকেই দরদাম করে ফিরে যাচ্ছেন।
ডেস্ক নিউজ 






















