অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক গণমাধ্যম।
সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দুপুর নাগাদ রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাতে পারেন।
সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে সরকারের অভ্যন্তরেও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো সংশয় নেই বলে জানা গেছে।
এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দলের উচ্চপর্যায় থেকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ওই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি এবং পরে যুক্তরাজ্যে চিকিৎসা নেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে অন্তর্বর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ডেস্ক নিউজ 




















