গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।’
বিগত সরকারের সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া পরিস্থিতি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। একের পর এক ব্যাংক লোপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও দুর্নীতি হয়েছে।
তিনি আরও বলেন, ‘চারদিকে ছিল অরাজকতা ও নৈরাজ্যের ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও ঘটেছে।’
রিজভীর অভিযোগ, সরকারের ভিন্নমত পোষণ করলেই বিভিন্ন স্থানে লাশ পাওয়া যেত। একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, নৈরাজ্যের এমন ঘন অন্ধকারের মধ্যেই ব্যাপক আন্দোলনের মাধ্যমে ৫ আগস্টের পরিবর্তন এসেছে।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে। দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা মোকাবিলা করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন রিজভী।
ডেস্ক নিউজ 



















