চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ১২ ঘণ্টায় নদটির পানি ৬ সেন্টিমিটার কমেছে। তবে জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমেছে। বর্তমানে সেখানে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার একই সময়ে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার।
তবে পদ্মার পানি কমলেও জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৫০০ পরিবার এখনো পানিবন্দি রয়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। কেউ কেউ আবার ঘরের ভেতর হাঁটুপানির মধ্যে বসবাস করছেন।
পানিবন্দি মানুষের রান্না, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। বন্যার পানি বসতবাড়ির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস কার্যক্রম শুরু করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান এখনো সম্ভব হচ্ছে না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দি মানুষের মধ্যে দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ সময়ে প্রায় ২৬ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। পাশাপাশি খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের সেখানে নেওয়া হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীর পানি ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজকের পর থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকবে।
ডেস্ক নিউজ 






















