ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ২০ দফার চুক্তি প্রস্তাব করেন, যেখানে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে হামাস ফিলিস্তিনি ও মিসরীয় প্রশাসনের কাছে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি জিম্মিদের মরদেহ গাজার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ শুরু করেছে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে ইসরায়েলের বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে যে, ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করবে না এবং তাদের সেনারা গাজা ছেড়ে চলে যাবে।
হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল-দিন আল-হাদাদ জানিয়েছেন, তারা আক্রমণাত্মক অস্ত্র যেমন রকেট সমর্পণ করতে রাজি, তবে রাইফেলের মতো রক্ষণাত্মক অস্ত্র নিজেদের কাছে রাখতে চান। হামাসের শর্তের মধ্যে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনাদের গাজার জনবহুল এলাকা থেকে সরে যাওয়া এবং আলোচনার সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য ইসরায়েলের বিমান ও ড্রোন উড়ানো বন্ধ রাখা।
হামাসের দাবি, এই যুদ্ধবিরতির মাধ্যমে পূর্ববর্তী যুদ্ধবিরতিতে আটকানো ফাতাহ ও হামাসের প্রায় ৫০ জন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হবে।
ডেস্ক নিউজ 





















