২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনলাইনে আবেদন শেষে শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এরপর ফল প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।
তালিকায় নাম আসার পর শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ফল পরিবর্তন হলে আবেদনের সুযোগ
পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ সময় আগে দেওয়া কলেজের পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।
থাকছে ৭ শতাংশ কোটা
গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে।
অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।
ডেস্ক নিউজ 

























