ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা বন্ধের নির্দেশ দেন এবং সেই নির্দেশ কার্যকর করা হয়েছে।
ইসরায়েলের বেতারমাধ্যম কান জানায়, ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর্মি রেডিও সূত্রে জানা গেছে, আইডিএফ পুরোপুরি অভিযান বন্ধ না করলেও হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ রেখে সীমিত পর্যায়ে টহল চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে ট্রাম্প গাজা যুদ্ধের অবসানে ২০ দফা একটি পরিকল্পনা দেন। হামাস শুরুতে নীরব থাকলেও শুক্রবার ট্রাম্পের আল্টিমেটাম দেওয়ার পর জানায়, তারা প্রস্তাব মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তরে রাজি।
হামাসের সম্মতির পরপরই ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। পরে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সহযোগিতায় যুদ্ধাবসান প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডেস্ক নিউজ 





















