চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউজমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চারটি দাবিতে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।
এ ঘোষণা শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন করেছেন।
চারটি দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো বন্দরের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে পদ থেকে প্রত্যাহার, আন্দোলনে যুক্ত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল ও তাদের পুনর্বহাল, এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ না করা।
ধর্মঘট ঘোষণার সময় উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন ও শরীফ হোসেন ভুট্টো।
এর আগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে কয়েকদিন কর্মবিরতি পালন করেছিল। এতে বন্দর থেকে আমদানি পণ্য চালান ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং জাহাজ আনা-নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আশ্বাস দেন, যার ফলে দুই দিনের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়।
ডেস্ক নিউজ 























