আন্তর্জাতিক ডেস্ক
সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের মালিকানা কিনে নেওয়ার পরই মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে যে কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন নিতে পারবে বলে ঘোষণা দিয়েছিলেন নতুন মালিক ইলন মাস্ক। মার্কিন এই ধনকুবেরের ঘোষণা অনুযায়ী সেই সেবা শুরু করে দিয়েছে টুইটার।
বর্তমানে টুইটার ব্যবহারকারীর মোট সংখ্যা ২৩ কোটি ৮০ লাখ। এখন চাইলে সবাই অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন পাবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা রোববার জানিয়েছে, প্রতি মাসে ৭.৯৯ মার্কিন ডলারের বিনিময়ে এ সেবা শুরু হয়েছে।
টুইটার ২০০৯ সালে সমাজের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে ব্লু টিক চিহ্ন দেওয়া শুরু করে। এখন বিনামূল্যের এই সেবার অবসান ঘটল।
অর্থের বিনিময়ে এ সেবা শুরুর আগে টুইটারে ব্লু টিক সম্বলিত অ্যাকাউন্ট ছিল ৪ লাখ ২৩ হাজার। এরমধ্যে বিশ্বব্যাপী অল্প পরিচিত অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট ভেরিফায়েড করেছিল টুইটার। তাদের ফলোয়ার সংখ্যার বিষয়টি বিবেচনায় নেয়নি প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা এখন টুইটারের নতুন নিয়ম নিয়ে শঙ্কা জানিয়েছেন। তারা বলছেন, যদিও টুইটারে দেওয়া সব তথ্য হয়ত সঠিক ছিল না। কিন্তু আগে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যগুলোর ওপর নির্ভর করতে পারতেন ব্যবহারকারীরা।
Reporter Name 





















