রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত বাফেট লাউঞ্জে শনিবার উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সিজিএ নাইট ২০২৬’। দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (সিজিএ বাংলাদেশ) আয়োজিত এ অনুষ্ঠানে পেশাজীবী সদস্য, শিক্ষার্থী, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন আইসিটি-এর প্রিন্সিপাল মিসেস আমেনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএ বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. হারুনুর রশিদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ ও নৈতিক হিসাববিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাগত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি হিসাব ও আয়কর ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পেশাদার হিসাববিদদের দক্ষতা কাজে লাগাতে সরকারি চাকরিতে হিসাববিদদের জন্য পৃথক বিসিএস ক্যাডার চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন। তিনি সিএ, আইসিএমএ ও সিজিএসহ সব পেশাজীবী হিসাববিদকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মিসেস আমেনা বেগম সিজিএ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় উন্নয়নের স্বার্থে সব পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে হিসাববিজ্ঞান পেশায় দ্রুত পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের যুগে পেশাজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার মান আরও উন্নত করা সময়ের দাবি। তিনি বলেন, সিজিএ বাংলাদেশ দক্ষ, নৈতিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসাববিদ তৈরির মাধ্যমে দেশের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ড. সালেহ আহমেদ ভূঁইয়া এফসিএমএ, এফসিএসকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফেলো, অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, মতবিনিময় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জহিরুল ইসলাম এফসিজিএ, শেখ মনোয়ার হোসেন এফসিজিএ, হারুন অর রশিদ এফসিএম ও এফসিএস, ওমর ফারুক রিপন এফসিএ, মো. নুরুজ্জামান এফসিজিএ এবং সোলায়মান এসিজিএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লব কুমার এফসিজিএ।
শেষ পর্বে সদস্যদের সম্মানে নৈশভোজ, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘সিজিএ নাইট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে সিজিএ বাংলাদেশের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সদস্য, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
নিজস্ব প্রতিনিধি 























