ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত খসড়া তৈরি করার সময় সবার যৌক্তিক প্রত্যাশা এবং উত্থাপিত উদ্বেগ বিবেচনায় রাখা হয়েছে। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মূল লক্ষ্য।
শিক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় জনদূর্ভোগ বা স্বাভাবিক জনজীবন ব্যাহত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক নিউজ 

























