নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নাইজার রাজ্যের সেন্ট মেরিস নামের একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ অপহরণকাণ্ড ঘটেছে। অজ্ঞাতনামা সশস্ত্র বন্দুকধারীরা স্কুলটিতে হামলা চালিয়ে মোট ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে তুলে নিয়ে গেছে। শুক্রবার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী এবং তাদের সঙ্গে আরও ১২ জন শিক্ষককে অপহরণ করা হয়েছে। ঘটনাটি দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতার উদ্বেগ বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় কাতসিনা ও মালভূমি রাজ্যের প্রশাসন সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
অপহরণের কারণে তৈরি হওয়া সংকটের পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তও রয়েছে।
এর আগে গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। একই সময় দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের বিরুদ্ধে হামলার ঘটনায় নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এসব সহিংসতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি
ডেস্ক নিউজ 





















