শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানান তিনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সবসময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।
সূত্র: বাসস
ডেস্ক নিউজ 



















