একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।
সফরসূচি অনুযায়ী, গৌরনদীতে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বরিশালের জিআই স্বীকৃত আমড়া ও নারিকেলসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা।
ডেস্ক নিউজ 


















