ফার্স্টনিউজ ডেস্ক
রুশ সেনা অভিযানের মুখে ইউক্রেনে হামলার শিকার জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। আজ বুধবার দুপুর ১২টা ১ মিনিটে তাদের বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ইউক্রেনে রাখা জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙর করে। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির।
Reporter Name 



















