চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চায়না জুন নামে পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসাথে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, বিমানটি স্থানীয় ‘শিফোসি বিমানবন্দর’ থেকে ঘটনার প্রায় ৩০ মিনিট আগে উড্ডয়ন করেছিল। এটি অবতরণের সময় বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে তার নির্ধারিত পথ থেকে সরে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি বেইজিংয়ের পূর্ব ফিফথ রিং রোডের কাছাকাছি পৌঁছানো পর্যন্ত পর্যবেক্ষণে ছিল। এরপর সেটি হঠাৎ করে সঙ্কেত হারিয়ে ফেলে এবং তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে একজনই ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থলের কাছের একটি ভবনে কর্মরত এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে তিনি একটি বিকট শব্দ শুনেছিলেন। তবে তিনি দুর্ঘটনার মুহূর্তটি দেখেননি।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। সিআইটিআইসি টাওয়ারের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়া হয় এবং সেখানে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেয়া হয়। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া ভবনটির কাছে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান নিতে দেখা গেছে। সিএনএন
ডেস্ক নিউজ 






















