কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ যেসব ব্যক্তি নির্ধারিত মানদণ্ড পূরণ করবেন, তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে এবং এখানে যে কেউ ব্যক্তিগত পরিচয়ে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই দলটির পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তবে যেকোনো দলের সদস্য হলেও ব্যক্তিগতভাবে প্রার্থিতা করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
প্রেস ব্রিফিংয়ে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়েও কথা বলেন। তার ভাষায়, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণের একটি বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্ষাকালে আসা পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা সরকার নিজেই বহন করতে সক্ষম। তবে প্রয়োজন হলে বিদেশি সহযোগিতার সুযোগও রাখা হবে।
ডেস্ক নিউজ 























