আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এতে আরও বলা হয়, শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার ও চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে সংস্কার কার্যক্রম চলছে। এছাড়া করপোরেট অফিসের ওপরের তলায় থাকা বেকারিটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আদ-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বর্ধনমূলক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং ১টি কলেজিয়েট স্কুল পরিচালিত হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে রোগীর নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
ডেস্ক নিউজ 
























