এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি থাকায় এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল এবং গত এক মাস ধরে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ চলছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন করতে আরও সময় লাগবে।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচির ফলে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙরসহ বন্দরের পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, বন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ। পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় ডেকেছিল, তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তাদের দাবির মধ্যে রয়েছে এনসিটি ইজারা বাতিল, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি হয়রানি বন্ধ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
ডেস্ক নিউজ 



















