সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পাঠানো ওই চিঠিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে বহিষ্কারের বিষয়টি অবগতির জন্য জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে জানায়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার সিইসি ও স্পিকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলো।
ডেস্ক নিউজ 





















