যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।
শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভুচিচ বলেন, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যা আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও ইতিহাস বলে—এর পরই কোথাও না কোথাও হামলা ঘটে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এমন প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হতে পারে।
তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে এবং একই সঙ্গে আরও কয়েকটি বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভুচিচের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রে সম্প্রতি জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশের পর মার্কিন প্রশাসনের ওপর চাপ বেড়েছে। এ অবস্থায় কেউ কেউ মনে করছেন, এই চাপ সামাল দিতেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।
ডেস্ক নিউজ 




















