অস্ট্রেলিয়ার ডারউইনে ট্রাক ও গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে নাসিম বাহাদুর (২৭) নামের এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে মাস্টার্স অব আইটি (Master of IT) প্রোগ্রামে অধ্যয়নরত ছিলেন।
নিহত নাসিম ডারউইনের সিআইএম (CIM) বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে যান এবং ডুরাক হাইটস এলাকায় বন্ধুদের সঙ্গে বসবাস করছিলেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়েতে বাইপাস পথে ডান পাশে চলার সময় নাসিমের গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার মরদেহ বর্তমানে ডারউইন হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে এলাকাটিতে সাধারণত ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে যানবাহন চলাচল করে। এ ধরনের এলাকায় চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
নাসিম বাহাদুরের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক নিউজ 





















