পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে তিনি কলকাতা হাইকোর্ট চত্বরে পৌঁছালে সেখানে উৎসুক সমর্থকদের ভিড় জমে।
বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই তিনি হাইকোর্ট চত্বরে যান এবং আইনজীবীদের মতো কালো পোশাকে আদালতে হাজির হন। ওই দিন ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে অনুষ্ঠিত হয়।
শুনানিতে তিনি বলেন, তিনি প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন। তিনি জানান, ১৯৮৫ সালে তার নাম বার কাউন্সিলে নথিভুক্ত হয় এবং এরপর থেকে তিনি নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, ভোটের পর রাজ্যে শিশু, নারী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। পাশাপাশি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি আদালতের কাছে এসব বিষয় অতিরিক্ত হলফনামায় অন্তর্ভুক্ত করার অনুমতি চান এবং রাজ্যের মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
ডেস্ক নিউজ 























