দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম ভরিতে দুই লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাজুস জানায়, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম বাড়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা।
ডেস্ক নিউজ 



















