ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শাজারাহ স্কুলে হামলায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সহায়তার কথা জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার নিন্দা জানায় বেইজিং।
তিনি বলেন, স্কুলে হামলা ও বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবতার মৌলিক সীমা অতিক্রম করেছে।
মুখপাত্র আরও জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে চীন প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ইরানের জনগণকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানান তিনি।
চীনের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান জানিয়ে তারা সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।
জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি। এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
ডেস্ক নিউজ 





















