ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ এ তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে এক ভয়াবহ হামলায় খারাজি গুরুতর আহত হন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইরানে টানা ৩৯ দিনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় ইরানের ৫০ জনের বেশি শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডার নিহত হয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, খারাজিসহ নিহত নেতারা ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মৃত্যু তেহরানের জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
ডেস্ক নিউজ 

















