উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড) এবং মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড, সঙ্গে যুক্ত পাঁচ কর্মকর্তাকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে। এ লেনদেনের অর্থ উত্তর কোরিয়ার সরকার ও গোয়েন্দা সংস্থার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজে কোমিডের কর্মকর্তারা জড়িত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, “উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য সরাসরি হুমকি।”
ওয়াশিংটনের এ সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাস।
সূত্র: রয়টার্স
ডেস্ক নিউজ 





















