দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর মাধ্যমে দেশের বাজারে সোনার দামে নতুন সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে, দেশের বাজারে সোনার দাম একাধিকবার বাড়ানো হলেও এবার এক ভরির দাম ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় তা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
ডেস্ক নিউজ 






















