ফার্স্টনিউজ ডেস্ক
এবার অস্কারের ৯৪তম আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রাথমিক ভোটের জন্য রাখা ১৫টি সিনেমার নাম প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। সেখানে নেই বাংলাদেশের এই সিনেমাটি।
একাডেমির সব শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫ সিনেমা থেকেই চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা। ২২ ডিসেম্বর ইমেইলে এসব তথ্য জানিয়েছে অস্কারের প্রচারণা বিভাগ।
জানা গেছে, এবারের অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ৯২টি দেশের সিনেমা জমা পড়েছিল। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫ সিনেমার বেশির ভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ। এবারের একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন। হলিউডের ডলবি থিয়েটারে এবারের আসর বসবে ২৭ মার্চ।
Reporter Name 



















