জ্যেষ্ঠ প্রতিবেদক
এসএসসি-সমমান বাংলা প্রথমপত্রের প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্ন কমন পড়ায় পরীক্ষা শেষে অনেককে হাসি মুখে কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে কারো কারো কাছে আরো সহজ প্রশ্ন প্রত্যাশা ছিলো। তারা সব প্রশ্নের উত্তর দিতে না পেরে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
রোববার রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।
গুলশান মডেল হাই স্কুলের ছাত্র নাফিজ। বাড্ডা হাই স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা তার ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পেরে অনেক আনন্দিত। হাসি মুখে কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় জাগো নিউজকে বলেন, প্রশ্ন অনেক ভালো হয়েছে। প্রস্তুতি অনুযায়ী সকল প্রশ্ন কমন পড়েছে। আশা করি সর্বোচ্চ নম্বর পাব।
একই স্কুলের ছাত্র সাদিকের কাছেও প্রশ্ন সহজ মনে হয়েছে। সকল প্রশ্ন কমন আসায় ভালোভাবে উত্তর দিতে পেরেছে বলে জানায়।
তবে একই স্কুলের ছাত্র নেহাল বলেন, প্রশ্ন মোটামুটি ভালো ছিলো। খুব কঠিন না আবার সহজও নয়, এভারেজ বলা যায়। সৃজনশীল চার নম্বরের একটি প্রশ্ন ছাড়া সকল উত্তর দিতে পেরেছে বলে জানায়।
পরীক্ষা কেমন হয়েছে এমন প্রশ্নের উত্তরে রাজধানী আইডিয়াল স্কুলের ছাত্রী সামিয়া আক্তার বলেন, প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রশ্ন নাকি সহজ হয়ে থাকে। তবে এবারের প্রশ্ন কিছুটা কঠিন মনে হয়েছে। সৃজনশীল প্রশ্ন কিছুটা কঠিন হওয়ায় সকল উত্তর দেওয়া সম্ভব হয়নি। নৈর্ব্যক্তিক প্রশ্ন সহজ ছিলো জানায় এই পরীক্ষার্থী।
একই স্কুলের ছাত্রী নাফিজা বকুল বলেন, অন্যান্য বছরের চাইতে এবার বাংলা প্রথমপত্র প্রশ্ন সহজ হওয়ায় সকল উত্তর দিতে পেরেছি। সব প্রশ্নের উত্তর দিতে পারায় অনেক আনন্দ লাগছে। বাকি পরীক্ষগুলো এভাবে কমন পড়লে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়।
প্রথমদিন নয়টি সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র, কারিগরিতে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। গতবারের চেয়ে এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেশি। তিন হাজার ৮১০টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ব্রেকিং :
এসএসসির প্রথমদিন: ‘প্রশ্ন সহজ, সর্বোচ্চ নম্বর পাবো’
-
Reporter Name - Update Time : ০৩:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- 142
জনপ্রিয়






















