ফার্স্টনিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে ৩৪ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন । তিনি বলেন, প্রধানমন্ত্রী সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। স্পোর্টসের উন্নয়নে বা যে কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যে কোনো সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ক্রীড়াসেবীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন’-এ করোনাকালীন ১০ কোটি টাকাসহ আরও ২০ কোটি টাকা মোট ৩০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আবদুল গাফফার, মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
চেক প্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠকরাও প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিনিয়র ও বয়োজ্যেষ্ঠ ক্রীড়াবদিদের পাশাাপশি বর্তমান খেলোয়াড়রাও পেয়েছেন আর্থিক সাহায্য। তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে পায়ে ব্যথা পাওয়া শাটলার তুষার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জনকে প্রদত্ত ৪৫ লাখ টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ হতে ২১ জনকে প্রদত্ত ৬ লাখ ৬০ হাজার টাকা ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন থেকে ৮ জনকে প্রদত্ত ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।
Reporter Name 



















