ইসরায়েলি হামলা ও অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। সেখানে জীবনযাপনই যেখানে কষ্টসাধ্য, পুষ্টিকর খাবার পাওয়া যেন স্বপ্নের মতো। দীর্ঘ সময় পর যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে গাজায়। খুলেছে হাটবাজার, মিলছে কিছু খাদ্যসামগ্রীও।
এমন পরিস্থিতিতে এক ফিলিস্তিনি বাবা এক বছর পর সন্তানদের জন্য মুরগির মাংস কিনে আনেন। ঘরে ঢুকতেই শিশুদের আনন্দের সীমা থাকে না—এক শিশু আনন্দে সেজদায় লুটিয়ে পড়ে। এই আবেগঘন মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশুরা মাংস দেখে চিৎকার করে বলছে, “আল্লাহু আকবার! এটা কি সত্যিই মুরগি?” তারা বিস্ময়ে বলছিল, “আমরা আবারও মুরগির মাংস খেতে যাচ্ছি!”
অন্য এক ভিডিওতে দেখা যায়, এক শিশুকে আপেল দেখিয়ে নাম জিজ্ঞেস করলে সে বলে “তরমুজ”—যুদ্ধের ভয়াবহতায় শিশুরা ফলের নামও ভুলে গেছে।
দীর্ঘ দুই বছরের যুদ্ধ, অবরোধ ও খাদ্যসংকটে গাজার লাখো মানুষ অপুষ্টিতে ভুগছে। খাবার না পেয়ে বহু শিশু মৃত্যুবরণ করেছে। অনেক পরিবার বাধ্য হয়ে ঘাস ও লতা-পাতা খেয়ে বেঁচে থেকেছে। ইসরায়েলি হামলায় স্কুল, মসজিদ, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রসহ প্রায় সব স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবুও যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিদের মুখে সামান্য হাসি ফুটিয়েছে সেই এক প্লেট মুরগির মাংস।
ডেস্ক নিউজ 





















