সরকারকে নাজেহাল করতে বিরোধী দল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।
তিনি বলেন, সংসদে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে।
আজ (বুধবার) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এসব কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।
চট্টগ্রাম সিটি কলেজে গতকাল সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন আব্দুল ওয়াদুদ ভুঁঞা। তিনি প্রশ্ন রাখেন— কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, ‘গুপ্ত’। ছাত্রদল লিখেছে ‘গুপ্ত’। সেই জন্যই তারা ‘গুপ্ত’ শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে।
সংসদে দাঁড়িয়েই সরকার দলীয় সংসদ সদস্যের এসব কথার প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি।
আব্দুল ওয়াদুদ ভুঁঞা তার বক্তব্যে বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই— আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না।
তিনি বলেন, শান্তির, উন্নয়নের, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য এই বর্তমান সদ্যজাত সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে, আমাদের এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না।
বিরোধী দলকে উদ্দেশ্য করে সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না।
ডেস্ক নিউজ 






















