মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের ঘরে জন্ম নিয়েছে চতুর্থ সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। এর মধ্য দিয়ে গত দেড় শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে সন্তান জন্মের বিরল রেকর্ড গড়লেন তিনি।
রোববার (১৯ জুলাই) মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে অ্যালেক নিলের জন্ম হয়।
এক যৌথ বিবৃতিতে জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। একই সঙ্গে তাদের অন্য তিন সন্তানও নতুন ভাইকে পেয়ে দারুণ আনন্দিত।
ওহাইওর বাসিন্দা জেডি ভ্যান্স ও ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স ইয়েল ল’ স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
দম্পতির প্রথম সন্তান ইওয়ানের জন্ম ২০১৭ সালে। এরপর ২০২০ সালে দ্বিতীয় ছেলে বিবেক এবং ২০২১ সালে কন্যা মিরাবেলের জন্ম হয়। অ্যালেক নিল তাদের চতুর্থ সন্তান।
হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের বাবা হয়েছিলেন। এরপর প্রায় ১৫০ বছরের বেশি সময় এ ঘটনা আর ঘটেনি।
সাবেক মার্কিন মেরিন সদস্য জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে কমে যাওয়া জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে ওহাইও থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ও তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছিলেন।
এদিকে, ভ্যান্স পরিবারের নতুন সদস্যের আগমনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরিবারে সাম্প্রতিক সন্তান জন্মের ধারাবাহিকতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
ডেস্ক নিউজ 





















