জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফল ঘোষণা প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার ৭ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ভিপি পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ১৬১২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৫৮ ভোট।
এদিকে শীর্ষ তিনটি পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ওই প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে একপর্যায়ে স্থগিত রাখা হয়। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে পুনরায় ভোট গণনা শুরু করা হলেও এখনো সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের তথ্যমতে, হল সংসদসহ মোট ২৫টি কেন্দ্রের ফল এখনো প্রকাশ বাকি রয়েছে।
ব্রেকিং :
জকসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির
-
ডেস্ক নিউজ - Update Time : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- 138
Tag :
জনপ্রিয়


























