বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে। এই ডিপার্টমেন্টের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর কল্যাণ ও দেখভাল নিশ্চিত করা হবে।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ পরিবার ও আহতদের কষ্ট কোনো কিছু দিয়ে পুরোপুরি মোচন করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং দলমত নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি আগেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে কাজ করেছে। একইভাবে আগামী দিনে সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করা হবে।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে পর্যায়ক্রমে সেই দায়িত্ব ও অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।
তিনি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক আর বেদনার পুনরাবৃত্তি ঘটবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ডেস্ক নিউজ 
























