রাজধানী ঢাকার উপকণ্ঠের নরসিংদীতে রোববার (২৮ জুন) রাত ৯টা ২৮ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে—এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও, বাস্তবে আজ বাংলাদেশে কোনো ভূমিকম্প আঘাত হানেনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর ওয়েবসাইটে বাংলাদেশে আজকের কোনো ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি। একইভাবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর ওয়েবসাইটেও বাংলাদেশে আজ ভূমিকম্পের কোনো রেকর্ড নেই।
তথ্য যাচাই করে দেখা গেছে, গত ২২ জুন নরসিংদীকে কেন্দ্র করে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্প রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই পুরোনো ঘটনার তথ্যকে নতুন ঘটনা হিসেবে প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’-তে রোববার বাংলাদেশ নয়, মিয়ানমার সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সেটি এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যক্তি অনুভব করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কয়েকটি গণমাধ্যম তাদের প্রকাশিত ভূমিকম্পের সংবাদ পরবর্তীতে ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা রোববার রাতে বাংলাদেশে কোনো কম্পন অনুভব করেননি।
ডেস্ক নিউজ 




















