সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে তার এই কর্মসূচির সূচনা হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে একটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে।
দলীয় সূত্র জানায়, আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডেস্ক নিউজ 
























