পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবকের হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চরগড়গড়ির যগির মোড়ে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, অস্ত্রধারী যুবকটি জামায়াত-শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতারা জানিয়েছেন, ওই যুবক বিএনপির কর্মী এবং তাদের কোনো নেতাকর্মীর কাছে অস্ত্র ছিল না। তারা অভিযোগ করেন, বিএনপির ‘সন্ত্রাসীরা’ অতর্কিত হামলা চালিয়ে তাদের অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে। গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, অস্ত্র হাতে থাকা যুবকের নাম তুষার হোসেন, তিনি ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করা হয়।
তবে এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডেস্ক নিউজ 






















