জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না—এই প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার মধ্যরাত থেকে নিউজফিডজুড়ে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টে সরগরম হয়ে উঠেছে প্ল্যাটফর্মটি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে শুরু হওয়া এসব পোস্টে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যাখ্যা বা কারণ উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, গণভোটের বিপক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রচারণা শুরু করেছেন। অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক। জামায়াতে ইসলামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, আর এনসিপি চাইছে সংসদ নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন হোক।
ফলে জামায়াত ও এনসিপির দাবি কাছাকাছি হলেও বিএনপি তাদের প্রস্তাবে সমর্থন দিচ্ছে না। এই অবস্থান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাঁ’ ও ‘না’ ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে ‘হ্যাঁ’ পোস্ট করা হয়েছে। এরপর থেকেই দলগুলোর অনুসারীরা নিজ নিজ মত প্রকাশে যুক্ত হয়েছেন এই অনলাইন প্রচারণায়।
ডেস্ক নিউজ 




















