ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে উপস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রার সূচনা হলো।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর গত রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানান।
ডেস্ক নিউজ 


















