গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমঝোতা না হলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং জুন থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করছে এবং কেবল যুক্তরাষ্ট্রই এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম। নতুন ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সক্ষমতায় চালু রাখতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ট্রাম্পের এ বক্তব্য ও হুমকির পর ইউরোপে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সেখানকার জনগণ ও ডেনমার্কের। ট্রাম্পের দাবির প্রতিবাদে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা জরুরি বৈঠক ডেকেছেন।
ডেস্ক নিউজ 






















