ফার্স্টনিউজ ডেস্ক
বিশ্বজুড়ে চলতি বছর সাংবাদিকতা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন কর্মী। একই সময়ে সাংবাদিকদের বন্দি হওয়ার সংখ্যা বেড়েছে অনেক বেশি। অন্তত ৪৮৮ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ৪৬ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। সাংবাদিক হত্যার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল মেক্সিকো। সেখানে সাত সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরপর আফগানিস্তানে মারা গেছেন ছয় সাংবাদিক। ইয়েমেন ও ভারতে চারজন করে সাংবাদিক হত্যার শিকার কয়েছেন। চলতি বছর অন্তত ৬৫ সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের বেশির ভাগ ঘটনাই ঘটেছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে। ২০২১ সালে বিশ্বজুড়ে অন্তত ৪৮৮ সাংবাদিক কারাবন্দি হয়েছেন। তা ফ্রান্সভিত্তিক সংগঠনটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। তাদের মধ্যে ১০৩ জন অপেশাদার সাংবাদিক তারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশের জন্য বন্দি হয়েছেন বলে জানানো হয়েছে। এ বছর ক্যামেরা চালানোর জন্য জেলে গেছেন ২২ সাংবাদিক। আর নারী সাংবাদিকদের কারাগারে বন্দির সংখ্যা বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ।
আরএসএফের প্রতিবেদন অনুসারে সাংবাদিক বন্দি করার ক্ষেত্রে সবার উপরে চীন। দেশটি এ বছর অন্তত ১২৭ সাংবাদিককে কারাগারে নিয়েছে। এরপর মিয়ানমারে ৫৩ ও বেলারুশে ৩২ জন সাংবাদিক বন্দি হয়েছেন। সাংবাদিক নিপীড়কের এই তালিকায় নাম রয়েছে ভিয়েতনাম ও সৌদি আরবেরও। বিচারবহির্ভূত গ্রেফতারির উল্লেখযোগ্য উত্থানের জন্য মূলত তিনটি দেশ দায়ী। এসব দেশের সরকারগুলো নাগরিকদের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন।
Reporter Name 























