পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন।
শুক্রবার বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে আরও তিনজনের মরদেহ শনাক্ত হয়েছে এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খনি উদ্ধারকারী দল ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।
অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পাশের আরও দুটি কয়লাখনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা
ডেস্ক নিউজ 






















