ভারতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্রের বিষয়টি। ভারতের কিছু গণমাধ্যম জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে উপহার হিসেবে একটি গ্রাফিতির বই দিয়েছেন, যেখানে বাংলাদেশের মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ দেখানো হয়েছিল।
ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন। তিনি জানতে চেয়েছিলেন, পাকিস্তানের জেনারেলকে উপহার হিসেবে দেওয়া বইয়ে এমন একটি ‘বিকৃত’ মানচিত্র থাকার বিষয়ে ভারত কেমন দৃষ্টিভঙ্গি রাখে।
এই প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “আমরা জানি যে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার ওপর তৈরি, যেখানে কিছু গ্রাফিতি অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, বিষয়টি বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ব্যাখ্যা পেয়েছে।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমের দাবি যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের জেনারেলকে বিকৃত মানচিত্রযুক্ত পতাকা বা বই দিয়েছেন, তা “সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত।” প্রকৃতপক্ষে, বইটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতির সংকলন। এতে কোনো বিকৃত মানচিত্র নেই।
এ ঘটনায় ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ফ্যাক্ট চেক এবং বিভ্রান্তি প্রতিরোধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে, এই গ্রাফিতি সংকলনের মূল উদ্দেশ্য ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের শিল্পকর্ম তুলে ধরা।
ডেস্ক নিউজ 





















